জুলাই সনদ ২০২৫ আমরা জেনেবুঝে একটি সাংস্কৃতিক দাঙ্গাকে আমন্ত্রণ জানাচ্ছি?
কদিন ধরেই জুলাই সনদ নিয়ে বেশ
আলোচনা সমালোচনা চোখে পড়ছিল। ভাবলাম আবার একটু সনদটা পড়ে দেখি। আমি বেশ কিছু
সমালোচনার মতো দিক খুঁজে পেয়েছি। সেগুলো থেকে আমি আজকে ১টি আপনাদের সঙ্গে শেয়ার
করছি, আপনারাও একটু ভেবে দেখবেন এবং আমাকে জানাবেন।
অনেকেই হয়তো জানেন না, বর্তমানে আমাদের সংবিধানে বাঙালি এবং বাংলাদেশি, উভয় পরিচয়কেই খুব সুন্দরভাবে জায়গা দেওয়া হয়েছে। সংবিধানের ৬(২) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে,
"বাংলাদেশের জনগণ জাতি হিসেবে
'বাঙালি' এবং নাগরিকগণ 'বাংলাদেশি' বলিয়া পরিচিত হইবেন।"
অর্থাৎ, বর্তমান
সংবিধানে আমাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয় 'বাঙালি' এবং রাষ্ট্রীয় বা ভৌগোলিক
পরিচয় 'বাংলাদেশি' এর মধ্যে একটি চমৎকার ভারসাম্য রাখা হয়েছে।
বাঙালি: যা আমাদের ভাষা আন্দোলন, একাত্তরের চেতনা ও
সেক্যুলারিজমের প্রতীক।
বাংলাদেশি: যা আমাদের স্বাধীন ভূখণ্ড এবং সব ধর্ম ও
বর্ণের নাগরিকত্বের প্রতীক।
জুলাই সনদে যখন
এই ভারসাম্য ভেঙে একপাক্ষিকভাবে শুধু বাংলাদেশি করার প্রস্তাব দেওয়া হয়, তখন
মূলত সমাজের একটি বিশাল অংশের যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী তাদের আবেগে আঘাত
করা হয়। এটি কোনো সংস্কার নয়, বরং মীমাংসিত বিষয়কে নতুন করে বিতর্কিত করা।
যখনই জাতি এই
বাঙালি বনাম বাংলাদেশি তর্কে বিভক্ত হয়ে রাস্তায় নামবে, তখনই মঞ্চে আবির্ভূত হবে
তৃতীয় শক্তি। এরা কারা? এরা হতে পারে কোনো উগ্রবাদী গোষ্ঠী, ভিনদেশি গোয়েন্দা
সংস্থা, কিংবা সুযোগসন্ধানী রাজনৈতিক চক্র, যাদের উদ্দেশ্য ক্ষমতা দখল বা দেশকে
অস্থিতিশীল করা। তাদের কাজ, তারা এই বিভাজনকে কাজে লাগিয়ে Divide and Rule নীতি
প্রয়োগ করবে।
যখন একপক্ষ
স্লোগান দেবে "মুক্তিযুদ্ধ শেষ", আর অন্যপক্ষ বলবে "ধর্ম
গেল", তখন এই তৃতীয় শক্তি দুই পক্ষকেই উসকে দেবে। ফলাফল? সাধারণ মানুষ যখন
নিজেরা নিজেরা মারামারি করে দুর্বল হয়ে পড়বে, তখন এই তৃতীয় শক্তি সহজেই
রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। ইতিহাস বলে, যখনই কোনো জাতি Identity Crisis-এ
ভোগে, তখনই বাইরের শক্তি বা অগণতান্ত্রিক শক্তি ঘাড়ে চেপে বসে।
শেষ কথা:
সংবিধানের এই একটি শব্দের পরিবর্তন কেবল কাগজ কলমের বিষয় নয়। এটি আমাদের জাতীয়
ঐক্যের ফাটল, যার সুযোগ নিতে ওত পেতে আছে সুবিধাবাদী তৃতীয় পক্ষ। আমরা কি
জেনে-শুনে তাদের হাতেই দেশকে তুলে দিচ্ছি না? নাকি আমরা জেনেবুঝে একটি সাংস্কৃতিক
দাঙ্গাকে আমন্ত্রণ জানাচ্ছি?
Comments
Post a Comment